বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৬৩ লাখ ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪৬ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে।

আজ (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে জনস হপকিনস ইউনিভার্সিটির (সিএসএসই) করোনাভাইরাস রিসোর্স সেন্টার করোনায় মৃত্যু ও শনাক্তের এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২২ কোটি ৬৩ লাখ ২১ হাজার ৪১৪ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৬ লাখ ৫৮ হাজার ২৬৭ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৪ কোটি ১৫ লাখ ৩৫ হাজার ৬৬৬ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৩ হাজার ৪৯৭ জন। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৬১০ জন এবং মারা গেছেন ৫ লাখ ৮৮ হাজার ৫৯৭ জন।

এছাড়াও জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৫৭৭ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ২৬ ডোজ।

এদিকে, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১ জন। আর করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯০১ জন। এর আগেরদিন মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মারা যায় ৩৫ জন। আর শনাক্ত হওয়া দুই হাজার ৭৪ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনকে নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেলেন ২৭ হাজার ৫৮ জন। আর নতুন শনাক্ত হওয়া এক হাজার ৯০১ জনকে নিয়ে সরকারি হিসাবে করোনা আক্রান্ত এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৮৭৩ জন। এদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ছয় দশমিক ৬৪ শতাংশ। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য দুই শতাংশ আর মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮ হাজার ৫৪৪টি আর পরীক্ষা হয়েছে ২৮ হাজার ৬১৫টি।

এমবি