ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১৫টি দেশের সামরিক মহড়া সোমবার শুরু হতে যাচ্ছে। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীরা অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করে যুদ্ধ করছে।
রোববার ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি দনেৎস্কতে ব্যাপক যুদ্ধ ছড়িয়ে পড়ে। ফলে সরকার ও বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের মধ্যে ৯ দিনের ভঙ্গুর অস্ত্র বিরতি চুক্তিটি আবারো অনেক চাপের মুখে পড়ে।
এএফপি’র প্রতিবেদকরা জানান, উভয় পক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধের সময় ওই শিল্প নগরীতে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।
দনেৎস্ক পরিষদ জানায়, এতে সেখানে অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। তারা নগরীর পরিস্থিতি খুবই খারাপ বলে উল্লেখ করে। তবে তারা এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।
এদিকে কিয়েভ ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহের ঘটনায় রাশিয়াকে দায়ী করে ১৫টি দেশের সৈন্যের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এলভিভের কাছে ‘র্যাপিড ট্রিডেন্ট ১৪’নামের এই সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
এ মাসের গোড়ার দিকে পেন্টাগন জানায়, এ সামরিক মহড়ায় অংশ নিতে যুক্তরাষ্ট্র প্রায় ২শ’সৈন্য পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের প্রধান শক্তঘাঁটি দনেৎস্কে রোববার ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সিটি হল কর্মকর্তারা সোমবার জানান, মাত্র ১০ দিন আগে সরকারপন্থী ও বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সত্ত্বেও দনেৎস্ক নগরী ও বিমানবন্দরের চারপাশে রোববার সারাদিন জুড়েই ভারী গোলা বর্ষণের খবর পাওয়া গেছে।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





