চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সহযোগী লিং জিহুয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ শারীরিক সম্পর্কের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে তাকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া গত সোমবার জানিয়েছে, জিহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়া ও অবৈধ শারীরিক সম্পর্কের ঘটনায় অভিযোগ গঠন করা হয়েছে।
এর আগে তাকে গ্রেফতার করে পুলিশ।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চালানো দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে জিহুয়াকে গ্রেফতার করা হয়। দল থেকে বহিষ্কারের পর তাকে গ্রেফতার করে পুলিশ।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে জিহুয়ার বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জিহুয়া চীনা কমিউনিস্ট পার্টির নিয়মনীতি ভঙ্গ করেছেন। তিনি গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগে অনৈতিক সুবিধা নিয়েছেন। নিজে ও পরিবারের সদস্যদের মাধ্যমে ঘুষ নিয়েছেন।
এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ শারীরিক সম্পর্ক ও স্ত্রীর ব্যবসায়ে সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
শুধু জিহুয়াই নন, তার ভাই লিং জেনসির বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগের তদন্ত করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে এখনো অভিযোগ গঠন করা হয়নি।
২০১২ সালে বেইজিংয়ে সড়ক দুর্ঘটনায় ছেলে মারা যাওয়ার পর থেকেই সরকারে জিহুয়ার অবনমন হতে থাকে।





