ফিলিস্তিনই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ইস্যু উল্লেখ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলাম ও মুসলমানদের শত্রুরা ফিলিস্তিন ইস্যু থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়ার জন্য তাকফিরি সমস্যা সৃষ্টি করেছে। তাকফিরি মতবাদের মাধ্যমে তারা মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টির ষড়যন্ত্র করছে।

হজ বিষয়ক ইরানের কর্মকর্তাদের এক সমাবেশে সর্বোচ্চ নেতা রোববার এসব কথা বলেছেন।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ফিলিস্তিন ইস্যু হচ্ছে মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে উদ্বেগের বিষয় এবং হজের সময় এটা মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে গুরুত্ব পাওয়া উচিত।

তিনি বলেন, ৫০ দিনের যুদ্ধে গাজার মুসলমানরা ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করেছে। সে কারণে ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের এখন শক্ত অবস্থানে থাকার সুযোগ রয়েছে। ইসরাইলের পরাজয়কে তিনি পশ্চিমাদের পরাজয়ের প্রতীক বলে উল্লেখ করেন।

সর্বোচ্চ নেতা বলেন, এ বিজয়ের মধ্যদিয়ে মুসলমানদের ক্ষমতা ও তাদের বিরাট সক্ষমতার বিষয়টি পরিষ্কার হয়েছে। এছাড়া, তারা যেকোনো শত্রুকে চ্যালেঞ্জ করতে পারে বলেও প্রমাণিত হয়েছে।

ঢাকা, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর