মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটি। একইসঙ্গে এ প্রস্তাব দেশটিকে পরমাণু পরীক্ষা চালানোর দিকে ঠেলে দিয়েছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং।

সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) পাঠানোর জন্য মঙ্গলবার গৃহীত এক প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবের পক্ষে ১১১টি এবং বিপক্ষে ১৯টি ভোট পড়েছে। এ ছাড়া, ৫৫টি দেশ ভোট দানে বিরত ছিল।

আজ (বৃহস্পতিবার) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রস্তাবকে ‘জালিয়াতি’ বলে অভিহিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পিয়ংইয়ংকে অবমাননা করার তৎপরতায় নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আমেরিকার এ আগ্রাসী আচরণে পিয়ংইয়ং’এর সামনে নতুন পরমাণু পরীক্ষা চালানো ছাড়া বিকল্প নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ প্রস্তাব গৃহীত হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার প্রতিনিধি সিন সন-হো যে বক্তব্য দিয়েছিলেন তার সঙ্গে এ বিবৃতির মিল রয়েছে।রেডিও তেহরান

ইআর