বুলগেরিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় দুই শিশুসহ অন্তত দশ জনের মৃত্যু ও আরো তিনজন নিখোঁজ রয়েছে।

শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী তেবেতলিন ইয়োভচেভ বলেন, বন্যার পানির তোড়ে বৃহস্পতিবার রাতে কৃষ্ণসাগরের উপকূলীয় শহর ভারনায় শিশুসহ নয়জন সাগরে ভেসে গেছে। বন্যার পানিতে ডুবে যাওয়া রাস্তা ও বাড়িতে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো স্রোতের টানে সাগরে গিয়ে পড়েছে।

পার্শ্ববর্তী উত্তরপূর্বাঞ্চলীয় শহর ডোবরিচে অপর একজনের মৃতদেহ পাওয়া গেছে। বন্যায় বাড়িঘর ডুবে যাওয়ায় শহরের ১৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

ইয়োভচেভ বলেন, ‘পরিস্থিতি শান্ত হলে আসছে। কিন্তু এখনো সংকটাপন্ন।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারনায় একটানা প্রবল বৃষ্টিপাতসহ ঝড় আঘাত হানে। এতে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা অ্যাসপারুহোভো ডুবে যায়।

পাহাড়ি ঢলে কয়েকশ বাড়িঘর প্লাবিত হয়েছে এবং এদের কয়েকটি সম্পূর্ণ ধবংস হয়েছে।

ভারানার বন্যাকবলিত এলাকাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা যাচ্ছে না ।

বুলগেরিয়ার মধ্যাঞ্চলে খারাপ আবহাওয়ার কারণে শুক্রবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

শুক্রবার দিনব্যাপী ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। সূত্র: বিএসএস

ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ