সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক ফরমান জারি করে সৌদি বিন লাদেন কোম্পানির সব নির্মাণ তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। একই সঙ্গে এ কোম্পানির সঙ্গে সম্পাদিত সৌদি সরকারের সব চুক্তি পর্যালোচনা করে দেখার জন্য দেশটির অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তিনি।

গত শুক্রবার মক্কার পবিত্র মসজিদুল হারামে বিশাল ক্রেন চাপা পড়ে নজিরবিহীনভাবে অনেক মানুষ হতাহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পবিত্র মসজিদুল হারামের সম্প্রসারণ কাজ করছে সৌদি বিন লাদেন গ্রুপ এবং ক্রেনটি এ কাজের জন্যই ব্যবহার করা হচ্ছিল।

সৌদি বাদশার ফরমানে, মক্কা-দুর্ঘটনার তদন্ত এবং আইনগত তৎপরতা মীমাংসা না হওয়া পর্যন্ত বিন লাদেন গ্রুপের শীর্ষ কর্মকর্তা ও বোর্ডের সদস্যদের বিদেশ ভ্রমণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া, নিহতদের পরিবারপিছু ২,৬৭,০০০ ডলার এবং আহত ব্যক্তিদের এর অর্ধেক পরিমাণ অর্থ দেয়ার নির্দেশও দেয়া হয়েছে ফরমানে।

এ দিকে, মক্কা-দুঘর্টনার ঘটনা তদন্তে নিয়োজিত কমিটির দেয়া বিবৃতিতে মক্কা-দুর্ঘটনার জন্য বিল লাদেন গ্রুপ আংশিক দায়ী বলে উল্লেখ করা হয়। প্রস্তুতকারক কোম্পানির ব্যবহারবিধি লঙ্ঘন করে ক্রেনটি বসানো হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সৌদি বিন লাদেন গ্রুপটির প্রতিষ্ঠা করেছিলেন সাবেক আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ। সৌদি আরবে এ কোম্পানির ব্যাপক এবং লক্ষণীয় প্রভাব রয়েছে। বিন লাদেন পরিবারের এ সংস্থা ১৪০ কোটি পাউণ্ড স্টারলিং ব্যয়ে মসজিদুল হারামের সম্প্রসারণ কাজে নেতৃত্ব দিচ্ছে।

হারামাইন হাইস্পিড রেল লিংক বা মক্কা-মদিনা হাইস্পিড রেলওয়ে নামের প্রকল্পসহ সৌদি আরবে আরো বড় বড় প্রকল্প বাস্তাবায়নে জড়িত ছিল সৌদি বিন লাদেন গ্রুপ। এ ছাড়া, সৌদি বন্দর নগরী জেদ্দায় বিশ্বের সর্বোচ্চ ভবন কিংডম টাওয়ার নির্মাণকাজেও জড়িত ছিল এ গ্রুপ।

সূত্র: নয়া দিগন্ত।

এআই