যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত খোরাসান জঙ্গিগোষ্ঠীর প্রধান নেতা মুহসিন আল-ফাদহলি নিহত হয়েছেন।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছেন, ৮ জুলাই সিরিয়ার সারমাদায় আল-ফাদহলিকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস এক বিবৃতিতে জানিয়েছেন, ৯/১১ হামলা সম্পর্কে যারা জানতেন, তাদের মধ্যে অন্যতম আল-ফাদহলি।
গত বছর সেপ্টেম্বর মাসে আল-ফাদহলির ওপর হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সিরিয়ার আলেপ্পোয় বিমান হামলায় আল-ফাহদলি নিহত হন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু নিরপেক্ষ কোনো সূত্র থেকে তখন ওই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
গত সেপ্টেম্বর মাসে খোরাসানের আস্তানায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালানোর পর এই জঙ্গিগোষ্ঠীর কার্যক্রম মানুষের নজরে আসে। এর আগে এই সংগঠন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি।
খোরাসানের নেতা আল-ফাদহলির সঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের আল-কায়েদার শীর্ষ নেতাদের যোগাযোগ ছিল।
কেএইচ





