ক্রাইমিয়ার সংসদে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা আসার পরপরই রাশিয়া ও ইউক্রেনের বেশ কজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
এসব রাজনীতিক এবং কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসাথে যুক্তরাষ্ট্র ও ইউরোপে তাদের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ওবামা যে এগারোজন কর্মকর্তার সম্পদ জব্দের ঘোষণা দিয়েছেন তাদের তালিকায় রয়েছেন রুশ একজন উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন, প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ এক সহযোগী, ক্রাইমিয়ার নতুন রুশপন্থি নেতা সের্গেই আকসিয়োনভ এবং ইউক্রেনের ক্ষমতাচ্যুত নেতা ভিক্টর ইয়ানুকোভিচ।
অন্যদিকে ব্রাসেলসে সোমবার ইইউ পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে ইউক্রেন ও রাশিয়ার ২১জন রাজনীতিক ও কর্মকর্তার ওপর ভ্রমন নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসব কর্মকর্তার নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে মঙ্গলবার নাগাদ তা জানা যেতে পারে। এ সপ্তাহের শেষ দিকে ইইউ এর আরেকটি বৈঠকে আরো কিছু ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেন অধিকতর নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি প্রস্তুত, তবে তা নির্ভর করবে উত্তেজনা প্রশমনে রাশিয়া কি করে তার ওপর।
যুক্তরাষ্ট্র এবং ইইউ সূত্রে বলা হয়েছে, তাদের নিষেধাজ্ঞায় এমন সব ব্যাক্তিকে টার্গেট করা হয়েছে যারা ইউক্রেনের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্ষতি করার চেষ্টা করছেন।
এসব নিষেধাজ্ঞার ব্যাপারে রাশিয়ার কাছ থেকে এখনও আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন মজা করে তার ট্যুইটার সাইটে লিখেছেন, "কমরেড ওবামা, বিদেশে যাদের কোন সম্পদ নেই, তাদের ব্যাপারে আপনি কি করবেন?"
ফেব্রুয়ারিতে মস্কোপন্থি প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির পর ইউক্রেনের জাতিগত রুশ অধ্যুষিত এই অঞ্চলটি কার্যত রাশিয়ার নিয়ন্ত্রণে।
পশ্চিমা দেশগুলোর তীব্র আপত্তি এবং হুমকি সত্ত্বেও মস্কোর সরাসরি সমর্থনে রোববার ক্রাইমিয়াতে এই গণভোট হয়। ধারণা করা হয়, ভোটাররা রাশিয়ার সাথে যুক্ত হওয়ার পক্ষেই রায় দিয়েছে।
গণভোটের পরদিনই সোমবার ক্রাইমিয়ার সংসদে স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়। একই সাথে, রাশিয়ার সাথে যুক্ত হওয়ার জন্যেও সংসদে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে।
গণভোটের ফলাফলকে স্বাগত জানিয়েছে রাশিয়া এবং ক্রাইমিয়াকে স্বীকৃতি দেওয়ার জন্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতি আহবান জানিয়েছে তারা। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
আন্তর্জাতিক
রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপের নিষেধাজ্ঞা
ক্রাইমিয়ার সংসদে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতার ঘোষণা আসার পরপরই রাশিয়া ও ইউক্রেনের বেশ কজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।





