পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন,আটক আর অত্যাচার, কোনো কিছুতেই নয়া পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অন্তরায় হতে পারবে না। যে কোনো মূল্যেই আমরা নতুন এক পাকিস্তান গড়ে তুলব।

সরকার পতন ও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে যে আন্দোলন করছে পিটিআই, শনিবার ছিল এই আন্দোলনের ৩০তম দিন। এ দিন রাজধানী ইসলামাবাদে আন্দোলনরত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান বলেন, ‘নওয়াজ শরীফ এখন স্বৈরাচারীর মতো আচরণ করছেন। তিনি পাকিস্তান জাতিকে চেনেন না।’

ইমরান বলেন, ‘আমাদের বাঘ ও বাঘিনীরা আত্মঘাতী বোমা হামলাকারীদের ভয় পায় না।’
ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ অত্যাচার-নিপীড়ন চালাচ্ছে উল্লেখ করে ইমরান বলেন, ‘এই অত্যাচারের জন্য তাদের আদালতের কাঠগোড়ায় তোলা হবে।’

উল্লেখ্য, নেতাকর্মীদের উদ্দেশে শুক্রবার ইমরান খান বলেছিলেন, ‘পাকিস্তানের জনগণই আমার সেনাবাহিনী।’
সূত্র : ডন

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই