যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার দলের এমপি পদপ্রার্থী বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক জয়ী হতে পারেন। দেশটির একটি শীর্ষস্থানীয় বাজি ধরার প্রতিষ্ঠান (বুকমেকার) এমন আভাস দিয়েছে।
আগামী ৭ মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হবে। ওই নির্বাচনে জয়ের ব্যাপারে টিউলিপকে তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক ব্যবধানে এগিয়ে রেখেছে বাজি ধরার প্রতিষ্ঠান ‘বেটফ্রেড’। গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে তারা।
এই আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছে বেটফ্রেড। সম্ভাব্য ফলাফল নিয়ে বাজি ধরে প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাজ্যের মোট ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের ফলাফল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ব্যয় করেছেন বাজিকরেরা।
বেটফ্রেডের গ্রাহকেরা সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের আসনে। কিছু জরিপের ফলাফল আভাস দিয়েছে যে, ‘শেফিল্ড হ্যালাম’ আসনে এবার পরাজিত হতে পারেন ক্লেগ।
এবারের নির্বাচনে লন্ডনের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০টি আসনের শীর্ষে রয়েছে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন। অস্কারবিজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন এই আসনে ২৩ বছর ধরে লেবার পার্টির এমপি ছিলেন। গত নির্বাচনে তিনি মাত্র ৪২ ভোটের ব্যবধানে কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেছিলেন। আসনটিতে প্রধান তিনটি দলের মধ্যে লেবার পার্টি ৩২ দশমিক ৮ শতাংশ, কনজারভেটিভ পার্টি ৩২ দশমিক ৭ শতাংশ এবং লিবারেল ডেমোক্র্যাটস পার্টি ৩১ দশমিক ২ শতাংশ ভোট পায়। এ কারণে এই আসনটিকে বলা হচ্ছে ‘ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ আসন।প্রথম আলো
ইআর





