ইরাকের ভূখণ্ড থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করার জন্য আবারো তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেছেন, “এটি হচ্ছে তুরস্কের প্রতি খোলা আমন্ত্রণ। তুরস্ক আমাদের প্রতিবেশি; তারা ইরাক থেকে সেনা প্রত্যাহার করুক।”
এবাদি বলেন, “তুরস্ক যদি সেনা প্রত্যহার না করে তাহলে আমাদের অধিকার ও আন্তর্জাতিক আইনের আওতায় আমরা তুর্কি সেনাদেরকে দেশ ছাড়ার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাব।”
রাজধানী বাগদাদে টেলিভিশনে দেয়া বক্তৃতায় হায়দার আল-এবাদি আরো বলেন, ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে শতকরা ৬০ ভাগ বিমান হামলা চালিয়েছে ইরাকি বাহিনী; বাকি ৪০ ভাগ মার্কিন জোট। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তার দেশের বিমান সহায়তা, প্রশিক্ষণ ও অস্ত্রের দরকার। তবে স্থল অভিযানের জন্য বিদেশি কোনো সেনা প্রয়োজন নেই।
গত মাসে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের কাছে কয়েকশ সেনা মোতায়েন করে তুরস্ক। দেশটি প্রথমদিকে বলেছিল, ইরাকের অনুমতি নিয়েই সেনা মোতায়েন করা হয়েছে কিন্তু বাগদাদ সরকার তা নাকচ করে দিয়েছে। এরপর তুরস্ক সেনা প্রত্যাহারের নামে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়েছে। ওই এলাকায় দায়েশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ রয়েছে। অথচ তুরস্ক দাবি করছে, কুর্দি পেশমার্গা যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য তারা সেনা মোতায়েন করেছে।
এমএম





