ভয়াবহ ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১ হাজার ৮০৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ হাজার ৭১৮ জনপ্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে।

দেশটিতে দুই দফা ভূকম্পন অনুভূত হয়। প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ছিল ৬ দশমিক ৬ মাত্রার। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া ভূমিকম্পে ভারতে কমপক্ষে  ৩০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ বলে জানান।

রয়টার্সের খবরে বলা হয়, ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প শনিবার দুপুরে নেপালে আঘাত হানে। গত ৮১ বছরের মধ্যে এটাই নেপালের ভয়াবহতম ভূমিকম্প।

এ দিকে নেপালের পর্যটন মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের কারণে হিমালয়ের বরফ ধসে এভারেস্টের বেজ ক্যাম্পে আটজন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠ জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বিদেশি পর্যটক ও শেরপারা রয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।

সূত্র : সিএনএন, রয়টার্স/আলজাজিরা/এনডিটিভি।

কেএইচ/এএইচ/জেআই