সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় অন্তত ২৭০ জন সেনা, নিরাপত্তাকর্মী ও সরকারি কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছেন। দেশটির একটি গ্যাসক্ষেত্রে হামলা চালালে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত হওয়ার এই ঘটনা ঘটে। বিদ্রোহীদের পক্ষে নিহত হয়েছেন ৪০ জন। খবর আল জাজিরার।
বিদ্রোহী যোদ্ধা গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্ট (আইএসআইএল)-এর সঙ্গে এই সংঘর্ষ হয়। বৃহস্পতিবার এ ঘটনা ঘটলেও শনিবার তা জানিয়েছে লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
বৃহস্পতিবার মধ্য সিরিয়ার হোমস শহরের পূর্বে অবস্থিত শা'আর গ্যাসক্ষেত্রে এ ঘটনা ঘটে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে একটি অন্যতম ভয়াবহ সংঘর্ষ। সংঘর্ষস্থল থেকে মাত্র ৩০ জন জীবিত ফেরত আসতে পেরেছে বলে জানা গেছে।
তবে, আইএসআইএল-এর কোন যোদ্ধা নিহত হয়েছে কি না তা জানা যায়নি। উল্লেখ্য, লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে তথ্য সরবরাহ করে থাকে। সিরিয়ার সরকারি ও বিদ্রোহী উভয় পক্ষেই রয়েছে এই অবজারভেটরির তথ্যদাতা।
বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএল সম্প্রতি ইরাকে ব্যাপক সফলতা পেয়েছে। ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বিশাল এলাকা এখন আইএসআইএল-এর নিয়ন্ত্রণে। সিরিয়াতেও বেশ শক্ত অবস্থানে রয়েছে তারা। সিরিয়ার ইরাক সীমান্তবর্তী দেইর এল-ঝুর প্রদেশ তাদের নিয়ন্ত্রণে।
আইএসআইএল-এর এই উত্থানে শঙ্কিত হয়ে পড়েছে আসাদ সরকার। আসাদের বিমান বাহিনী আইএসআইএল-এর দখলে থাকা এলাকাগুলোতে নিয়মিত হামলা করে আসছে।
সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত এক লাখ ৭০ হাজার সামরিক-বেসামরিক লোক। সূত্র: আল জাজিরা
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ





