দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাই গত মাসের ফেরি ডুবির ঘটনায় অব্যবস্থাপনার দায় নিজের কাঁধে নিয়েছেন। একইসঙ্গে তিনি অদক্ষতা ও প্রস্তুতির অভাবে অনেক বেশি জীবন ক্ষয়ের কথাও স্বীকার করেছেন। সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে পার্ক অশ্র“সিক্ত নয়নে বলেন, দুর্ঘটনার পর যথাযথ ব্যবস্থা না নেয়ার দায় সম্পূর্ণ আমার। এ সময়ে তিনি কাঁদছিলেন এবং দু'দুবার গভীরভাবে মাথা নত করেন। গত ১৬ এপ্রিল ভয়াবহ ফেরি দুর্ঘটনায় প্রায় ৩শ লোকের প্রাণহানির ঘটনায় পার্কের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিশ্লেষকরা মনে করছেন। দুর্ঘটনার পর পার্ক গিউন হাই একাধিকবার দু:খ প্রকাশ করলেও এবারই প্রথম এর দায় সরাসরি নিজের কাঁধে তুলে নিলেন। তিনি বলেন, ফেরি ডুবির এ ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। কারণ দক্ষিণ কোরীয়দের জীবন ও নিরাপত্তা দেয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। এদিকে ফেরি ডুবির পর কোস্টগার্ডদের তৎপরতায় ঘাটতি ছিল বলে নিহতের স্বজনেরা অভিযোগ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি কোস্টগার্ড ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নবগঠিত মন্ত্রণালয় এ দায়িত্ব পালন করবে। গত ১৬ এপ্রিল দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৪৭৬ যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে যায়। এ ঘটনায় ২৮৬ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এখনও নিখোঁজ ১৮ জন। সূত্র: বিএসএস [b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]