ইউক্রেন শনিবার বলেছে, দেশের পশ্চিমাপন্থী নতুন নেতার একতরফা যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান করার পর রুশপন্থী বিদ্রোহীরা দেশের পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর ওপর প্রচন্ড মর্টার হামলা চালানো অব্যাহত রেখেছে।

বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে সৈন্য পাঠানোর ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারির প্রেক্ষাপটে নতুন করে এই সহিংসতার খবর এল।

এদিকে রাশিয়া তার কেন্দ্রীয় অঞ্চলে সামরিক বাহিনীকে ‘পূর্ণ সমরসতর্ক’ থাকার এবং ৬৫ হাজার সৈন্য নিয়ে সামরিক মহড়ার নির্দেশ দিয়েছে। ইউক্রেনের সীমান্ত রক্ষীরা বলেছেন, বিদ্রোহীরা পূর্বাঞ্চলীয় দনেৎস্কে তাদের একটি ঘাঁটিতে স্নাইপার ও মর্টার হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বৈরিতা অবসানে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণার চার ঘন্টা পর এ হামলা চালানো হলো।

সীমান্ত রক্ষী বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘হামলায় তিনজন সৈন্য আহত হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, কয়েক মিনিট পর একটি পৃথক রুশ সীমান্ত পথের কাছে একই বিদ্রোহী মিলিশিয়া ইউনিট দ্বিতীয়বার হামলা চালালে ইউক্রেন বাহিনীকে এর জবাব দিতে হয়।

বিবৃতিতে বলা হয়, ‘সীমান্ত রক্ষী বাহিনী গুলি চালায় এবং হামলা ঠেকায়।’

ইউক্রেনের ‘সন্ত্রাস দমন অভিযান’-এর এক মুখপাত্র জানান, বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি স্লাভিয়ানস্কের আশপাশে তুমুল সংঘর্ষ হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ৫০ জন ছদ্মবেশধারী ব্যক্তি তাদের একটি বিমান বিধ্বংসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। সূত্র: বিবিসি, এএফপি।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।