তিয়ানজিয়ানে বন্দরের কাছাকাছি একটি গুদামঘরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় বিষাক্ত দূষণ থেকে রক্ষা করতে পার্শ্ববর্তী এলাকার লোকজনকে অন্যত্র সরিয়ে নিচ্ছে চীন সরকার।
বেইজিংয়ের কয়েকটি পত্রিকা জানিয়েছে যে বাতাসে বিষাক্ত সোডিয়াম সায়ানাইড পদার্থ খুঁজে পাওয়ায় বিস্ফোরণের এলাকার তিন কিলোমিটার মধ্যকার মানুষ জনকে শনিবার অন্যত্র সরিয়ে নিয়েছে আর্মড পুলিশ।
জিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার একটি গুদামঘরে বিস্ফোরণ হওয়ার পর পুনরায় সেখানে আগুন ধরেছিল।
খবরে বলা হয়, "বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার কথা বিবেচনা করে সেখানকার কাছাকাছি লোকদেরকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে।"
অন্য একটি বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫ হয়েছে এবং সাতশ'র বেশি লোক আহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা সঙ্কটপূর্ণ আর ৩৩ জনের অবস্থা গুরুতর।
শনিবার সকালে জাহাজের কনটেইনার থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তৎক্ষণাৎ তার পরিচয় জানা যায়নি। টেলিভিশনের ভিডিওতে দেখা যায়, লোকটিকে একটি স্কেচারে করে নিয়ে যাচ্ছেন গ্যাস মাস্ক পরিহিত সেনা সদস্যরা।
বিষাক্ত গ্যাস পরীক্ষার জন্য এক দল রাসয়নিক পদার্থ বিশেষজ্ঞকে সেখানে আসতে বলা হয়েছে।
দেড় কোটি জনসংখ্যার শহরের অনেক মানুষ নিজেদের বাসা থেকে এই বিস্ফোরণের ভয়াবহতা উপলব্ধি করেছেন।
ক্ষিপ্ত বাসিন্দারা ও ক্ষতিগ্রস্থদের আত্মীয়রা কর্তৃপক্ষের বিরুদ্ধে শনিবার সংবাদ সম্মেলন ছাড়াও বিক্ষোভ সমাবেশ করেছেন।
জেডআই





