আফগান ভাইস প্রেসিডেন্ট মার্শাল মোহাম্মদ কাসিম ফাহিম ইন্তেকাল করেছেন। সরকারী কর্মকর্তারা রোববার এ কথা জানান।
এক সময়ের ভয়ঙ্কর যুদ্ধবাজ ফাহিমের স্বাভাবিক মত্যু হয়েছে। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে।
প্রেসিডেন্টের মুখপাত্র আইমাল ফাইজি তার টুইটার বার্তায় বলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি প্রথম ভাইস প্রেসিডেন্ট মার্শাল মোহাম্মদ কাসিম ফাহিম ইন্তেকাল করেছেন। তার আত্মা শান্তি পাক।
তিনি বলেন, আফগান সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
নির্মম ও কঠোর হিসেবে পরিচিত সংখ্যালঘু তাজিক নেতা ফাহিমের (৫৬) নিজস্ব মিলিশিয়া বাহিনী ছিল। তবে ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর আফগানিস্তানে স্থিতিশীলতার জন্য তিনি আমেরিকান সমর্থন পেয়েছিলেন।[b]
ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]