রাশিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতি ভয়াবহের দিকে যাচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ১১ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে জার্মানি, ফ্রান্সকে পেছনে ফেলে আক্রান্তের সংখ্যায় পাঁচে উঠে এল রাশিয়া।
বর্তমানে রাশিয়ার করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ১৬০ জন। আক্রান্তদের মধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী ছাড়াও আরও দুই মন্ত্রী রয়েছেন। এই খবর জানিয়েছে রয়টার্স ও দ্য মস্কো টাইমস।
তবে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন বা ব্রিটেনের মতো মৃত্যুমিছিল শুরু হয়নি রাশিয়ায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৬২৫ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮৮ জনের। এর মধ্যে শুধু মস্কো শহরেই আক্রান্ত ৯২ হাজার ৬৭৬ জন। যদিও সেখানকার মেয়র সের্গেই সোবায়ানিনের দাবি, আক্রান্তের এই সংখ্যাটা সরকারি। আদতে সংক্রমিত এর তিন গুণ।
করোনা আক্রান্তদের চিকিৎসা করতে করতে গত দুই সপ্তাহে দুই রুশ চিকিৎসক ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। আরও এক চিকিৎসকও হাসপাতালের জানালা থেকে লাফ দিয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন চিকিৎসাধীন। ডাক্তারদের মধ্যে কেন এই অস্বাভাবিকতা কাজ করছে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এমবি





