[b]মোম্বাসা:[/b] কেনিয়ার একটি মসজিদে হামলার ঘটনায় ১২৯ জন মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দেশটির বন্দরনগরী মোম্বাসার মূসা মসজিদে হামলা চালায় পুলিশ। এতে পুলিশ অফিসারসহ তিন জন নিহত হন।
রোববার নামাজের সময় মসজিদে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযোগ, মসজিদটিতে 'জিহাদি সম্মেলন' হচ্ছিল। মসজিদে আল শাবাবের যোদ্ধা নিয়োগের প্রক্রিয়া চলছিল বলে অভিযোগ করে পুলিশ। মুসলিম যুবকেরা সাথে করে 'বিভিন্ন রকম অস্ত্র' বহন করছিলেন বলেও অভিযোগ করে পুলিশ। উল্লেখ্য, আল শাবাব হচ্ছে কেনিয়ার প্রতিবেশী সোমালিয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী। তারা ইসলামী শরিয়াহভিত্তিক সোমালিয়া গঠনে লড়াই চালিয়ে আসছেন।
এই অভিযোগের 'তদন্ত' করতে জুতাসহ মসজিদে উঠে পড়ে পুলিশ বাহিনী। এতে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এতে দুজন মুসলিম যুবক এবং এক পুলিশ অফিসার নিহত হয়।
এই ঘটনার পর 'সহিংসতা'র অভিযোগে মঙ্গলবার পর্যন্ত অন্তত ১২৯ জন মুসলিম যুবককে আটক করেছে মোম্বাসা পুলিশ। তাদেরকে মোম্বাসার শিমো লা তিওয়া কারাগারে আটকে রেখে রিমান্ডের নামে অমানসিক নির্যাতন করা হচ্ছে বলে জানা গেছে। ১২৯ জনের মধ্যে ৪ জন রয়েছেন ১৮ বছরের কম বয়সী। তারা পুলিশি অভিযানের সময় গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন।
পুলিশ মুসলিম যুবকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনলেও স্থানীয় অধিবাসীরা পুলিশকেই দোষারোপ করছেন। তারা বলছেন মসজিদে পুলিশের অভিযান চালানোর মাধ্যমেই উস্কানি দেয়া হয়।
উল্লেখ্য, গত বছর কেনিয়ার রাজধানী নাইরোবির ওয়েস্টগেট নামক শপিং মলে আল শাবাবের হামলায় ৬৮ জন নিহত হন। এরপর থেকেই কেনিয়া সরকার পশ্চিমা দেশগুলোর সহায়তায় আল শাবাব বিরোধী তৎপরতা শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ কেনিয়ায় জাতিগতভাবে সংখ্যালঘু মুসলমানরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে কেনিয়ার মুসলিম যুবকরা এর প্রধান শিকার হচ্ছেন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
[/b]