পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদে তেহরিকে ইনসাফ বা পিটিআই’র সরকার-বিরোধী আন্দোলন অব্যাহত রয়েছে। একই অবস্থানে রয়েছে পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি। তবে, সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে দু দলের প্রধান ইমরান খান ও ড. তাহিরুল কাদরি।

সরকারের সঙ্গে আলোচনা স্থগিত করার একদিন পর আবার তারা আলোচনার টেবিলে ফিরতে রাজি হলেন। বৈঠকের বিষয়ে পিটিআই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন ইমরান খান। বৈঠক শেষে দলের সিনিয়র নেতা শাহ মেহমুদ কোরেশি জানান, তার দল নওয়াজ শরীফের নেৃতত্বাধীন মুসলিম লীগ সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। এ কারণে আজ শনিবার থেকে আলোচনা প্রক্রিয়া আবার শুরু হবে। তিনি জানান, শুক্রবার পিটিআই প্রতিনিধিদল তাদের ছয়দফা দাবি তুলে ধরেছে সরকারের কাছে এবং শনিবার আবার বৈঠকে বসবে। তাদের দাবির মধ্যে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগই এখন প্রথম দাবিতে পরিণত হয়েছে। একই দাবি করেছে তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পিএটি। দল দু টি দাবি করছে, নওয়াজের পদত্যাগের পর নির্বাচন কমিশনের সংস্কার করে নতুন নির্বাচন দিতে হবে।

এর আগে, ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই’র সংসদ সদস্যরা জাতীয় পরিষদে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে, তা গ্রহণ করা হয়েছে কিনা কিংবা পদত্যাগপত্র জমা দেয়ার পর এর ফলাফল কি হবে তা স্পষ্ট নয়।

এদিকে, দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি নেতা আসিফ আলী জারদারিকে নওয়াজ শরীফের বাসায় দাওয়াত দেয়া হয়েছে। আজ দুপুরে সাবেক এ প্রেসিডেন্ট নওয়াজ শরীফের রাইউন্ডের বাসভবনে যাবেন এবং সন্ধ্যায় আবার করাচি ফিরবেন। তার সঙ্গে থাকবেন খুরশিদ আহমেদ শাহ, আইতাজ আহমেদ এবং রাজা রব্বানি।

জারদারির মুখপাত্র ফরহাতউল্লাহ বাবর জানান, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিজেই টেলিফোন করে পিপিপি নেতাকে দাওয়াত দেন এবং আসিফ আলী জারদারি তা গ্রহণ করেন।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই