ওমানের পশ্চিমাঞ্চলে ইবরি ও ফাহুদের মধ্যবর্তী একটি সড়কে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকসহ ১৮জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওএনএ এ তথ্য জানায় বলে এএফপির খবরে বলা হয়।

পুলিশের বরাত দিয়ে ওএনএ জানায়, মঙ্গলবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলে ইবরি ও ফাহুদের মধ্যবর্তী একটি সড়কে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৮ জন নিহত হওয়ার পাশাপাশি ১৪ জন আহত হয়েছেন।

গালফ ট্রান্সপোর্ট কোম্পানির বরাত দিয়ে টাইমস অব ওমান জানায়, বাসটি​ যাত্রীদের নিয়ে ওমানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা সালালাহ থেকে দুবাই যাচ্ছিল।

আল-শাবিবি পত্রিকায় বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন ওমানের, চারজন সৌদি আরবের, দুজন পাকিস্তানের ও একজন ইয়ামেনের নাগরিক।

এমআর