তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, সিরিয়া ও গাজা ইস্যুতের ক্রমবর্ধমান তিক্ততার কারণে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে টেলিফোনে কথা বলা বন্ধ করে দিয়েছেন।

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের ঘোর বিরোধী এরদোগানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হয় যখন সিরিয়ার সরকার উৎখাতে গত সেপ্টেম্বরে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ গ্রহণ থেকে পিছু হটে।

সিরিয়ারি সশস্ত্র বিরোধীদের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন এরদোগান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইল গাজায় গণহত্যা চালালে নজিরবিহীন তীব্র ভাষায় তিনি তার সমালোচনা করেন।

সোমবার তুরস্কের টিভি চ্যানেল এটিভিতে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, ‘আগে আমি তার সাথে (ওবামা) সরাসরি কথা বলতাম। কিন্তু সিরিয়ার ব্যাপারে আমি কাঙ্খিত ফল পাইনি। তাই এখন আমাদের পররাষ্ট্রমন্ত্রীরা একের অন্যের সাথে কথা বলছেন।’

‘আমি (যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট) বাইডেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে ফোন দেন, আমিও তাকে ফোন দেই।’

ওয়াশিংটনের দ্বিমুখী নীতির দিকে ইঙ্গিত করে স্পষ্টভাষী এরদোগান বলেন, ‘এই প্রক্রিয়ায় আমি ন্যায়বিচার আশা করি। যারা ন্যায়বিচারের কথা বলে গলাফাটান তাদের কাছ থেকে আমি এমনটা কল্পনাও করতে পারি না।’

এরদোগান ও ওবামার মধ্যে সর্বশেষ টেলিফোন সংলাপ হয় গত ২০ ফেব্রুয়ারি। এরপর হোয়াইট হাউজ এক বিবৃতিতে আলাপের বিষয়বস্তু ভুলভাবে উপস্থাপনের অভিযোগ করে।

ফিলিস্তিনিদের জন্য সোচ্চার কণ্ঠ এরদোগান গাজায় হামলকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ এবং ‘গণহত্যা’ বলে মন্তব্য করেছেন। ইসরাইল হিটলারের বর্বরতাকে হার মানিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে ফিলিস্তিনিদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক নীতিরও সমালোচনা করেছেন এরদোগান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এরদোগানের মন্তব্যকে ‘আক্রমণাত্মক ও ভুল’ বলে মন্তব্য করার পর তুর্কি প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিৎ ‘আত্মসমালোচনা’ করা।

অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়ে ইতোমধ্যেই লক্ষাধিক মানুষকে হত্যা করেছেন। এরদোগান আসাদের সমালোচনা করে বলেছেন, রক্তের দাগ হাতে লাগালে রক্তাক্ত পথেই বিদায় নিতে হবে।

আগামী ১০ আগস্ট অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন এরদোগান। তিনি সহজেই জয়ী হতে যাচ্ছেন বলে বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন।

পর্যবেক্ষকরা বলছেন, এরদোগান রাষ্ট্রের প্রধান নির্বাচিত হলে তুরস্কের পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ