ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার তার মন্ত্রিসভার সদস্যদের বলেছেন, দক্ষিণ ইসরাইলে শান্তি না ফেরা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে।
গত ৮ জুলাই শুরু হওয়া গাজা অভিযান সম্পর্কে সরকারি রেডিওতে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অপারেশন প্রটেক্টিভ এজ অব্যাহত থাকবে। এটি সময় নিতে পারে।
নেতানিয়াহু আরো বলেন, " সাম্প্রতিক সময়ে আমরা প্রমাণ করেছি যে, যারা ইসরাইলের নাগরিকদের প্রতি গুলি করে তাদের ক্ষমা নেই।
রোববার সকালে ইসরাইলি সামরিক বিমান গাজার ২০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে ইসরাইলকে লক্ষ্য করে ২০টি অথবা তারো বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস।
এদিকে গাজায় ইসরাইলি একতরফা হামলায় রবিবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১০৬-এ দাঁড়িয়েছে। অপরদিকে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা ওই আগ্রাসনকালে ইসরাইলের ৬৪ সেনা, তিন বেসামরিক নাগরিক ও এক থাই কর্মী নিহত হয়েছে।
এ অবস্থায় আবারও ইসরাইল-ফিলিস্তিন আলোচনার আহবান জানিয়েছে মিসর ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর আগে মিসরের মধ্যস্ততায় বেশ কয়েকবার গাজায় সাময়িক অস্ত্রবিরতি চুক্তি হলেও গত সপ্তাহে তা ভেঙ্গে যায়। সূত্র: এএফপি, আল-জাজিরা, জেরুজালেম পোস্ট
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





