ফিলিস্তিনিদের যাতায়াতের জন্য তিন মাস পর আবারও রাফা সীমান্ত খুলে দিয়েছে মিসর। শনিবার তিন দিনের জন্য সীমান্ত খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর ফলে, গাজা ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিরা সেখান থেকে বাইরে এবং বাইরে অবস্থানকারীরা গাজায় প্রবেশ করতে পারবেন। এ ঘটনাকে মিসর কর্তৃপক্ষ ও গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যকার উত্তেজনা প্রশমনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, গাজার বাসিন্দাদের পার্শ্ববর্তী ইসরায়েল অবরুদ্ধ করে রেখেছে। অন্যদিকে, ২০১৩ সালে মিসরে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির ক্ষমতাচ্যুতির পর রাফা সীমান্ত বন্ধ করে দেয় কায়রো।

দুই সপ্তাহ আগে কায়রো রাফা সীমান্ত খুলে দিয়েছিল। সেসময় শুধু যারা বাইরে আটকা পড়েছিল তাদের গাজায় প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু এবার ফিলিস্তিনিরা দুদিকেই যাতায়াত করতে পারবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, আগামী তিন দিন সীমান্ত খোলা থাকবে। এদিকে ফিলিস্তিনি কিছু সূত্র জানিয়েছে, এবার বেশিদিন সীমান্ত খোলা রাখা হতে পারে। তবে বিষয়টি মিসরীয় কর্মকর্তারা নিশ্চিত করেননি।

এএইচ