আফগানিস্তানে সেনাবাহিনীর সাথে হাক্কানি নেটওয়ার্কের এক সংঘর্ষে অন্তত ৬০ জন হাক্কানি নেটওয়ার্কের যোদ্ধা নিহত হয়েছেন। আফগান বাহিনী ন্যাটোর সহায়তায় এ অভিযান চালায়। সংঘর্ষের ঘটনা সোমবার ঘটলেও গণমাধ্যমে তা আজ বুধবার প্রকাশিত হয়েছে। খবর ডন অনলাইন ও রয়টার্সের।
পাকিস্তান সীমান্ত সংলগ্ন পাকতিয়া প্রদেশে এ সংঘর্ষ হয়। তিন শতাধিক হাক্কানি যোদ্ধা আফগান সেনাদের একটি ঘাঁটিতে আক্রমণ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত। এ সময় দু'পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়েছে বলে জানা গেছে।
ন্যাটো বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এটি হচ্ছে আফগান সেনাবাহিনীর অন্যতম বড় একটি অভিযান।
তবে, এ অভিযানের ব্যাপারে ন্যাটোর সঙ্গে যোগাযোগ করেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে তালেবানের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। হাক্কানি নেটওয়ার্কের যোদ্ধারা তালেবান প্রধান মোল্লা ওমরের একান্ত অনুগত বলে জানা যায়। আমেরিকা আফগানিস্তানে আগ্রাসন চালানোর পর হাক্কানি নেটওয়ার্ক বহু ভয়াবহ হামলা চালিয়েছে বিদেশি বাহিনীর ওপর। সূত্র: ডন অনলাইন ও রয়টার্স
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]