আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর ২০ জন সদস্য নিহত হয়েছে। আজ রোববার খুব ভোরে গাজিয়াবাদ জেলায় সেনাবাহিনীর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রাদেশিক মুখপাত্র আবদুল গনি মুসামিম।
তিনি বলেছেন, সন্ত্রাসীদের হামলায় ২০ জন আফগান সেনা নিহত ও সাত জন নিখোঁজ হয়েছে। প্রাদেশিক পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হাবিব সাইয়্যেদখেল বলেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সাধারণত তালেবান গোষ্ঠীই এ ধরনের হামলা চালিয়ে থাকে।
তবে কোনো কোনো সূত্র বলছে, পাকিস্তানি সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা হতে পারে। গত শনিবার পাকিস্তানের সরকার ঘোষণা করেছে, ২৭ জন পাকিস্তানি সেনাকে অপহরণের পর আফগানিস্তান ভূখণ্ডে হত্যা করা হয়েছে। যদিও আফগান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ
[/b]