সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। বিদ্রোহীদের অঞ্চলগুলোতে চালানো অভিযানে এরা নিহত হন। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
লন্ডনভিত্তিক সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার থেকে বিদ্রোহী কবলিত অঞ্চলে অভিযান শুরু করে সরকারি বাহিনী। হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তবে, সরকারি বাহিনীর দাবি, নিহতরা অস্ত্রধারী বিদ্রোহী।
জানা গেছে, নিহতদের মধ্যে রাজধানী দামেস্কের আশপাশে ২৪ জন, আলেপ্পোতে ২০ জন, দারায় ৭ জন, হামায় ৪ জন, রাক্কা ও ইদলিবে ৩ জন করে, হোমস ও লাটাকিয়ায় ২ জন করে নিহত হয়েছেন।
সরকারি বাহিনী স্থল অভিযানের পাশাপাশি বিমান থেকেও হামলা চালিয়েছে।
সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সশস্ত্র ব্যক্তিদের নিরস্ত্র করার জন্যই এই অভিযান চালানো হয়েছে। এ ছাড়া তাদের অস্ত্রবাহী গাড়িতেও আক্রমণ চালানো হয়।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চ থেকে গৃহযুদ্ধে ক্ষত-বিক্ষত হচ্ছে সিরিয়া। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এক লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





