পাকিস্তানের চলমান রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর মধ্যস্থতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে স্পষ্ট করে বিবৃতিও দেয়া হয়েছে।

গতকাল (শুক্রবার) দেয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য সরকার মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছে। এরপরই সরকার ও আন্দোলনরত দলগুলোর মধ্যে একটা সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু করেছে সেনাবাহিনী।

ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই এবং ড. তাহিরুল কাদরির নেতৃত্বাধীন পিএটির সঙ্গে সরকার পক্ষের সমঝোতার বিষয়ে সেনাবাহিনীর মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। সেনাবাহিনী নিশ্চয়তা দিয়ে বলেছে, সরকার ও আন্দোলনকারী পক্ষের মধ্যে সমঝোতা হলে তা মানতে সব পক্ষ অবশ্যই বাধ্য থাকবে।

সেনাবাহিনীর মধ্যস্থার বিষয়ে খবর বের হলেও সরকার তা অস্বীকার করায় এ বিবৃতি দিল আইএসপিআর।

এদিকে, অবস্থান কর্মসূচিতে যোগ দেয়া জনতার উদ্দেশে গতরাতে এক মঞ্চে উঠে বক্তব্য রেখেছেন পিটিআই এবং পিএটি নেতারা। সেখান থেকে ইমরান খান বলেছেন, রোববার তিনি নতুন কর্মসূচি ঘোষণা করবেন তিনি।

অন্যদিকে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট বলেছে, আন্দোলনকারীদের দাবির প্রতি সরকারের মনোযোগ দেয়া উচিত। বন্দরনগরী করাচিতে দলের এক বৈঠক শেষে এ কথা বলেছেন এমকিউএম নেতা ড. খালিদ মকবুল সিদ্দিকি। সূত্র: আইআরআইবি

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ