[b]দামেস্ক:[/b] সিরিয়ার আলেপ্পোতে সরকারি বাহিনী ব্যারেল বোমা হামলা চালিয়েছে। শনিবার সকালে চালানো এ হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আলেপ্পোর উত্তরাঞ্চলীয় একটি শহরে হেলিকপ্টার থেকে ব্যাপকহারে ব্যারেল বোমা নিক্ষেপ করে বিমান বাহিনী।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান এএফপিকে জানিয়েছেন, হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে আলেপ্পোর পূর্বাঞ্চলীয় তারেক আল-বাব এলাকায় ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে আলেপ্পোতে বেশ কয়েকবার ব্যারেল বোমা হামলা চালিয়েছে সরকারি বিমান বাহিনী। এতে বেশ কয়েকশত মানুষ নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ