মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে না পেরে দেশটির রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের পরিস্থিতিতে দেখতে যাবেন ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকরা।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এশিয়ার দেশগুলোর কূটনীতিকদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের পর পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের  এ কথা জানান।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আগামী বুধবার কূটনীতিকদের কক্সবাজার নিয়ে যাওয়া হবে।

চলমান রোহিঙ্গা সঙ্কট ও এ বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এই ব্রিফিং হয়। আজকের ব্রিফিংয়ে আসিয়ানভুক্ত দেশ, দূর প্রাচ্যের দেশসমূহ এবং দক্ষিণ এশিয়ার দেশসমূহের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। তবে মিয়ারমানকে এ ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এই সঙ্কট সম্পর্কে ধারণা দেওয়া হয়

গত ২৪ অগাস্ট রাতে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে চালানো হচ্ছে হত্যা আর ধ্বংসযজ্ঞ। যারা প্রাণে বেঁচে গেছেন, তারা ছুটে আসছেন বাংলাদেশ সীমান্তের দিকে।

গত চার দশকে ধরে আসা ৪ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশে এই দফায় আরও তিন লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে ইতোমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

এমএ