পদ্মা নদীতে ভয়াবহ লঞ্চডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।
ঢাকায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস থেকে সোমবার দুপুরে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে শোক প্রকাশ করেন তিনি।
শোক বাতায় রবার্ট ডব্লিউ গিবসন বলেন, ‘পদ্মা নদীতে লঞ্চডুবি ও প্রাণহানির ঘটনায় আমি শোকাহত ও মর্মাহত। শোকের এ ক্ষণে দুর্ঘটনার শিকার মানুষ এবং তাদের স্বজনদের প্রতি আমার সমবেদনা জানাই। তাদের জন্য প্রার্থনা করি।’
প্রসঙ্গত, রবিবার দুপুর পৌনে ১২টায় এমভি নারগিস নামে সারবাহী একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় ‘এমভি মোস্তফা’ নামের একটি লঞ্চ। লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে।প্রাথমিকভাবে ৫০-৬০ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস সোমবার বেলা ১১টায় পদ্মা নদীতে লঞ্চডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্তের ঘোষণা করেন।
লঞ্চডুবির ওই ঘটনায় সোমবার সকাল ১০টা পর্যন্ত ১১ শিশুসহ ৬৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৭ লাশ শনাক্ত হয়েছে, ১২টি হয়নি। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
এমকে





