প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় এসে পৌছেছেন।
যুক্তরাষ্ট্র সিনেটের বিদেশ বিষয়ক কমিটির শুনানি ও অনুমোদন শেষে রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগ চূড়ান্ত হয়। এর ফলে তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনার স্থলাভিষিক্ত হন।
অন্যদিকে মনোনীত রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট পেশা জীবনে পররাষ্ট্র দপ্তরের মন্ত্রীর পরামর্শক শ্রেণির একজন কর্মকর্তা। বর্তমানে তিনি পররাষ্ট্র দপ্তরের মানবসম্পদ বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কর্মরত। এই পদে তিনি ২০১২ সাল থেকে আছেন।
এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সেনেগাল ও গিনি-বিসাউয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক অফিসের পরিচালক হিসেবে তিনি ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান বিষয়ে কাজ করেছেন।
২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবসম্পদ বিভাগে উচ্চপর্যায়ের পরিচালক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বার্বাডোসের ব্রিজটাউনে যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি মালাবিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের মিশন উপপ্রধান হিসেবে কাজ করেছেন। ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি মরক্কোর ক্যাসাব্লাংকায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটের প্রিন্সিপাল অফিসারের দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ-রাজনৈতিক পরামর্শক হিসেবে ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কাজ করেছেন।
১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক অধিদপ্তরে ভারত ও নেপালের ডেস্ক অফিসার হিসেবে কাজ করেছেন।
রাষ্ট্রদূত বার্নিকাট তাঁর পেশা জীবনের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ও ফ্রান্সের মার্সেইয়ের কনস্যুলার অফিসার জন হোয়াইটহেডের বিশেষ সহকারী হিসেবে কাজ করেছেন।
মালির বামাকোতে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক অফিসার ও কনস্যুলার হিসেবেও তিনি কাজ করেছেন। রাষ্ট্রদূত বার্নিকাট লাফায়াতে কলেজ থেকে বিএ এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এসএইচ





