জার্মানির কোলোন শহরে অনুষ্ঠিত সমাবেশে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের ভিডিও কনফারেন্সের বক্তব্য প্রচার করতে না দেয়ায় জার্মানির সিনিয়র কূটনীতিককে তলব করেছে আংকারা সরকার।
তুরস্কে জার্মান দূতাবাসের মুখপাত্র জানান, আংকারায় জার্মানির চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে সোমবার বেলা ১টার দিকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। জার্মান রাষ্ট্রদূত রাজধানী আংকারায় উপস্থিত না থাকায় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়।
তুরস্কের কয়েকজন কর্মকর্তাসহ তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের হাজার হাজার সমর্থক কোলোন শহরে সমাবেশের আয়োজন করে। গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু এরদোগানের ভিডিও কনফারেন্সের বক্তব্য সরাসরি সম্প্রচার করার ওপর জার্মানির একটি সাংবিধানিক আদালত নিষেধাজ্ঞা জারি করে।
দেশের নিরাপত্তা ও তুর্কি উত্তেজনা জার্মানিতে ছড়িয়ে পড়ার আশংকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জার্মান সরকার দাবি করেছে। জার্মানিতে প্রায় ৩০ লাখ তুর্কি জনগণের বসবাস রয়েছে। তবে ‘এরদোগানকে থামাও’ স্লোগানের আওতায় জার্মানিতে সমাবেশ হয়েছে। সূত্র: পার্স টুডে।
ইআর





