বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর সন্ত্রাসী হামলা ও গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে অবিলম্বে দোষীদের গ্রেফতার করারও দাবি জানানো হয়।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘এরকম ভয়ানক ও কাপুরুষোচিত হামলার কোনো যুক্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এরকম সহিংসতার নিন্দা জানাই। এই ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বিচারের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক অভিব্যক্তি ও অধিকার যাতে সংরক্ষণ থাকে তা নিশ্চিত করার জন্য সরকারে প্রতি আহবান জানাচ্ছি।’
এছাড়ও বিবৃতিতে রিয়াজ রহমানের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে গুলশান-২-এর ৪৩ নাম্বার রোডে হোটেল ওয়েস্টিনের সামনে বিশিষ্ট কূটনীতিক রিয়াজ রহমানকে হত্যার উদ্দেশে গুলি করে দুর্বৃত্তরা। তার শরীরে চারটি গুলি লেগেছে। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেএ





