তুরস্কের দিয়ারবাকি শহরে গাড়ি বোমা হামলায় সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ জন পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সিরিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ারবাকির প্রদেশের বাগলার জেলার বাস টার্মিনালের কাছে এ গাড়িবোমা হামলার ঘটনা ঘটে।

দেশটির আধাসরকারি ‘আনাদোলু’ সংবাদ সংস্থার বরাত দিয়ে সিএনএন জানায়, একটি পুলিশের গাড়ি ওই এলাকা অতিক্রম করার সময় পার্ক করে রাখা একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। বোমার বিস্ফোরণে অসংখ্য যানবাহন, ভবন ও বাসটার্মিনালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও ওই সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে।

তুরস্কের কর্মকর্তারা হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। গত বছর দিয়ারবাকির শহরসহ দক্ষিণ-পূর্ব তুরস্কের বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে কারফিউ জারি করেছিল কর্তৃপক্ষ।

নিরাপত্তা অভিযানের সময় পূর্বাঞ্চলে এক বোমা বিস্ফোরণে ১৬ সেনা নিহত এবং বিদ্রোহীদের চোরাগোপ্তা হামলায় ১৪ পুলিশ কর্মকর্তা নিহত হন। গত জুলাইয়ে পিকেকের ঘাঁটিতে তুর্কি সামরিক বাহিনীর বিমান হামলার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে চলমান যুদ্ধবিরতির অবসান ঘটে। এরপর থেকে তুর্কি সেনারা উত্তর ইরাকে পিকেকের ঘাঁটিগুলোতে নিয়মিত বোমা হামলা চালিয়ে আসছে। এ ছাড়া দেশটির সেনাবাহিনী পিকেকে বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে।

সূত্র: বিবিসি।

এমই