সিরিয়ার রাজধানী দামেস্কের বিভিন্ন জেলায় বিদ্রোহীদের ছোড়া গোলায় সারা রাতে ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ জন শিশু রয়েছে।
এছাড়া আহত হয়েছে ৭৯ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। বুধবার এসব তথ্য জানিয়েছে পর্যবেক্ষক দল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
পর্যবেক্ষক দলটির পরিচালক রামি আবদেল রহমান বলেছেন, ১২টিরও বেশি জেলা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আক্রান্ত জেলাগুলোর মধ্যে মাজেহ জেলা ও আবু রুম্মানি'র নাম রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর দেশটিতে সংঘাত দেখা দেয়। সংঘাতে ১৭০,০০০'র বেশি মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে লাখ লাখ মানুষ। সূত্র: এএফপি।
ঢাকা, ৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





