ইরানের কাছে রাশিয়ার জঙ্গিবিমান বিক্রির পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে অস্ত্র নিষেধাজ্ঞা থাকার কারণে তেহরানের কাছে জঙ্গিবিমান বিক্রি করতে পারে না মস্কো।

টোনার বলেন, “নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, ইরানের কাছে কিছু সুনির্দিষ্ট প্রচলিত সমরাস্ত্র জাতিসংঘের অনুমোদন ছাড়া বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ।” তিনি আরো বলেন, ইরানের সঙ্গে পরমাণু আলোচনার অংশীদার হিসেবে এই বিষয়টি রাশিয়ার ভালোভাবে জানা থাকা উচিত।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, রাশিয়ার সুখোই-৩০এসএম জঙ্গিবিমান ইরানের কাছে বিক্রির অযোগ্য সমরাস্ত্রের আওতায় পড়ে।

মার্কিন কর্মকর্তা এমন সময় এ দাবি করলেন যখন ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার আওতায় গত ১৭ জানুয়ারি তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

মার্কিন টোনার আরো বলেন, ইরানের কাছে রাশিয়ার সুখোই বিমান বিক্রি সংক্রান্ত খবর সত্যি হয়ে থাকলে বিষয়টি আমরা মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে উত্থাপনের পাশাপাশি এটি নিয়ে নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করব।

রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থা গত ১৭ ফেব্রুয়ারি জানিয়েছে, ইরানের পক্ষ থেকে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক সুখোই-৩০ জঙ্গিবিমান কেনার বিষয়ে চলতি বছরেই একটি চুক্তি সই হবে। এর আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান রাশিয়ার কাছ থেকে ওই জঙ্গিবিমান কেনার আগ্রহের কথা জানিয়েছিলেন।

এমএম