ঢাকা সফররত স্পেনের সেক্রেটারি অব স্টেট ফর ফরেন এ্যাফেয়ার্স ইগনাসিও ইবেনেজ রুবিও আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এম.পির সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দানকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম স্পেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন তার এ সফর দুদেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক কুটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত এবং জোরদার করবে।

অন্যদিকে, সেক্রেটারি অব স্টেট ইগনাসিও ইবেনেজ রুবিও বৈঠকের শুরুতে বাংলাদেশের উইমেন ইন পার্লামেন্ট এ্যাওয়ার্ড পদক প্রাপ্তিতে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব অগ্রগতি, মুক্ত বাণিজ্যে নীতি এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপসমূহ ও অবস্থানের প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যে নিয়মিত ফরেন অফিস কনসালটেশন পরিচালনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে বাংলাদেশের প্রস্তাবের বিষয়ে স্পেনিশ প্রতিনিধি দল সম্মতি প্রকাশ করে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স বিষয়ক সচিব মো. খোরশেদ আলম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিষয়ক মহাপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক মাহবুব হাসান সালেহসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

এ বৈঠকের পর স্পেনিশ সেক্রেটারি অব স্টেট বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

উভয় বৈঠকে সেক্রেটারি অব স্টেট ইগনাসিও ইবেনেজ রুবিও জাতিসংঘের অস্থায়ী সদস্য পদে সাম্প্রতিক নির্বাচনে স্পেনের প্রার্থীতার পক্ষে বাংলাদেশের সমর্থন প্রদানের জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

স্পেনিশ সেক্রেটারি অব স্টেট তার বক্তব্যে বলেন বাংলাদেশের ব্যাপারে স্পেন বরাবরই আগ্রহী। এদেশের বস্ত্র শিল্পে তার দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারী ইতোমধ্যেই সংযুক্ত আছেন এবং ভবিষ্যতে আরও অধিক ক্ষেত্রে তারা বাংলাদেশের চলমান উন্নয়নের অংশীদার হতে আগ্রহী।

বস্ত্র ও তৈরী পোশাক শিল্পসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও যোগাযোগসহ অন্যান্য খাতে স্পেনিশ বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে স্পেনিশ সেক্রেটারি অব স্টেট এ ব্যাপারে তার দেশের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।

এছাড়াও স্পেনিশ সেক্রেটারি অব স্টেট রোববার অপরাহ্নে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে।

ছয় (৬) সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দানকারী সেক্রেটারি অব স্টেট ইগনাসিও ইবেনেজ আজ ভোরে ঢাকায় পৌঁছেন এবং আগামীকাল (সোমবার)দুপুরে ঢাকা ত্যাগ করবেন।

কেবি