গ্রিক সরকার ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান সোমবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এটিএম থেকে ব্যক্তি পিছু দিনে সর্বোচ্চ ৬০ ইউরো তোলার ব্যবস্থাও সোমবার পর্যন্ত চালু থাকবে। ব্যাংক থেকে ইউরো তোলা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেয় গ্রিস।
২৮ জুন গণভোটের দিন ঘোষণার সঙ্গেই ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ এবং ইউরো তোলার পরিমাণ নির্দিষ্ট করে দেয় গ্রিক সরকার। বলা হয়েছিল ৮ জুলাই প্রতিষ্ঠানগুলি আবার খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে গ্রিসের অর্থমন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৩ জুলাই পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। ঋণ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত গ্রিসের ব্যাংকগুলিকে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) সাহায্যের পরিমাণ না বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় চাপে পড়ে গ্রিক সরকারকে এই ব্যবস্থা নিতে হল বলে মনে করছেন অনেকে।
তবে এই নিয়মে সবচেয়ে অসুবিধায় রয়েছেন পেনশনভোগীরা। কারণ, এদের মধ্যে অনেকেরই ডেবিট কার্ড নেই। তাছাড়া এটিএমে ২০ ইউরোর নোট পর্যাপ্ত না থাকায় ৫০ ইউরো তুলেই অনেককে সন্তুষ্ট থাকতে হচ্ছে।
এ দিকে গ্রিস ইউরো ছেড়ে বেরিয়ে যেতে শেষ পর্যন্ত বাধ্য হবে কি না, তা স্পষ্ট হয়ে যাবে রবিবারের মধ্যেই। বৃহস্পতিবারই ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অর্থমন্ত্রীদের সামনে গ্রিসকে গ্রহণযোগ্য সংস্কার কর্মসূচি পেশ করতে হবে। তার পরে তা নিয়ে আলোচনা হবে।
বুধবারই দেশের নতুন অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতস জানিয়েছেন, নতুন প্রস্তাবে কর ও পেনশন ব্যবস্থার সংস্কারের কথা থাকবে। বুধবারই ইউরোপীয় পার্লামেন্টে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেছেন, ‘ইইউ’র অংশ হিসেবেই থাকতে চায় গ্রিস। আর তা করতে চায় করদাতাদের বোঝা না বাড়িয়েই।’ তবে তার জন্য ইইউ-র কাছ থেকেও ন্যায্য সিদ্ধান্ত আশা করেছেন তিনি।
এআর





