ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির আদর্শ এক ভয়ঙ্কর রূপ লাভ করেছে। ফলে চলমান নির্বাচন কিছুটা শালীনতা হারিয়েছে যা জাতীয় দলগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে বিরাজমান ছিল।
রাহুল গান্ধী গতকাল ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন।
রাহুল তার ব্যক্তিত্ব ও রাজনৈতিক আদর্শকে মোদির তুলনায় চরিত্রগতভাবে এবং মৌলিকভাবে আলাদা করে তুলে ধরে বলেন, মোদির নেতৃত্বে বিজেপি ঔদ্ধত্য, আক্রোশ ও বিভাজনের রাজনীতি করছে।
রাহুল গান্ধী বলেন, ‘কিন্তু আমার সংকল্প সুদৃঢ় এবং এই ধারার রাজনীতি এবং যারা ওর চর্চা করে তাদের প্রতি এক বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলতে চাই, তোমরা তোমাদের সবচেয়ে খারাপটা করো আমরা আমাদের সবচেয়ে ভালোটা করবো।’
মোদির শেহজাদা (রাজপুত্র) বলে বিদ্রুপের জবাবে রাহুল বলেন, ‘মোদিজি আমাকে যা বলতে চান, আমার দিকে যেসব কটুকথা ছুঁড়ে দিতে চান তার সঙ্গে আমার সম্পর্ক নাই। ওসবের সঙ্গে তারই সম্পর্ক রয়েছে। মোদিজি আমাকে যেসব উপহার দিতে চাচ্ছেন আমি তার কোনোটি গ্রহণ করার কোনো প্রয়োজন দেখছি না। তিনি তা নিজের কাছেই রেখে দিতে পারেন।
রাহুল বলেন, বিদ্রুপ তাকে রাগান্বিত করে না।
রাহুল বিজেপির বিরুদ্ধে একটি কঠোর সাম্প্রদায়িক ও কেন্দ্রীকরণ প্রবণতা লালন করার অভিযোগ করে বলেন, ‘এটি গরীব ও সুবিধাবঞ্চিত মানুষদের কঠোর পরিশ্রমের মাধ্যমে উঠে দাঁড়ানো অসম্ভব’ করে তুলবে।
তিনি বলেন, ‘মনে হচ্ছে তাদের চিন্তা-ধারায় সহিষ্ণুতার স্থান খুবই কম।’
তার প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, তার রাজনীতি প্রতি অনুরাগ কোনো নির্দিষ্ট পদের ঊর্ধ্বে। তবে প্রয়োজন দেখা দিলে তিনি পিছ পা হবেন না।
রাহুল বলেন, ‘যদি এই উচ্চাশা (সাধারণ নাগরিকদের কণ্ঠস্বর তুলে ধরা) অর্জনের জন্য আমার কোনো পদ গ্রহণের প্রয়োজন দেখা দেয় তাহলে আমি পিছ পা হবো না।
মোদি বিকেন্দ্রীকরণ এবং গরীবদের ক্ষমতায়নের কথাও বলছেন এ বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করা হলে রাহুল বলেন, ‘মোদির যদি এখন এসবে বিশ্বাস হয় তাহলে আমি আমাদের নিজেদের প্রচারণাকে অভিনন্দন জানাবো। নিশ্চয় লড়াইয়ে আমরাই জিতবো।’
রাহুল গান্ধী বলেন, ‘তিনি ধীরে ধীরে আদভানীজি ও সুষমা স্বরাজজি থেকে মুরালি মনোহর যোশিজি পর্যন্ত সকল জ্যেষ্ঠ বিজেপি নেতাকে কোনঠাসা করে ফেলেছেন। এসব কি ১২৫ কোটি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার উদাহরণ? সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]