মার্কিন সরকার যদি এশিয়া অঞ্চলে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন।

এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইঙ্গিত দেয়ার পর বেইজিং এই হুঁশিয়ারি দিলো।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ফু চং মঙ্গলবার (০৬ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “যুক্তরাষ্ট্র এশিয়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে চীন অলস বসে থাকবে না।”

তিনি পরিষ্কার করে বলেন, যুক্তরাষ্ট্র যদি বিশ্বের এই অংশে অর্থাৎ চীনের দোরগোড়ায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে চীনও পাল্টা ব্যবস্থা নেবে।তিনি বলেন, মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে সব পথই চীনের সামনে খোলা রয়েছে। 

ফু চং বলেন, “আমি আমাদের প্রতিবেশীদেরকে আহ্বান জানাব যে, তাদের ভূখণ্ডে মার্কিন মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র বসানোর অনুমতি দেয়ার বিষয়ে তারা যেন বিচক্ষণতার পরিচয় দেয়।”

এসময় তিনি জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার নাম উল্লেখ করেন।

এর আগে, গত শনিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার অস্ট্রেলিয়ায় বলেছিলেন, আগামী কয়েক মাসের মধ্যে তার দেশ এশিয়ায় ক্ষেপণস্ত্র মোতায়েনের বিষয়টি বিবেচনা করবে।

এমবি