দুর্নীতির অভিযোগে খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী আসিম আহমেদকে বরখাস্ত করলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আসিমের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইএয়ের মামলার সূত্র ধরে শুক্রবার তাকে বরখাস্ত করেন কেজরিওয়াল।
সংবাদ সম্মেলনে কেজিরিওয়াল বলেন, ‘মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা অ্যাকশন নিয়েছি। যেই জড়িত থাক না কেন-চাই আম আদমির নেতা, আমি অথবা আমার সন্তান, কোনো ধরণের দুর্নীতি আমরা বরদাশত করব না।’
তিনি বলেন, ‘ আজকের এই পদক্ষেপ সবার কাছে বার্তা পৌছে দেবে দুর্নীতি করলে কারো ছাড় নেই।’
প্রসঙ্গত, খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী আসিম আহমেদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অডিও প্রকাশ করা হয়েছে।
কেজরিওয়াল বলেন, ‘আমরা সিবিআইয়ের কাছে অভিযোগটি পাঠিয়ে দিয়েছি। আমরা আমাদের মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করেছি। আমরা বিজেপিকেও বসুন্ধরা রাজে ও শিবরাজ চৌহানের বেলায় একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সূত্র: এনডিটিভি
এমআর





