লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ আল-হারিরিকে সস্ত্রীক প্যারিস সফরের নিমন্ত্রণ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ। বুধবার ম্যাকরোঁর দপ্তর থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে গিয়ে পদত্যাগের ঘোষণার পর কার্যত হারিরি সেখানে বন্দি রয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছে।

হারিরির বন্দির বিষয়টিকে কোনোভাবেই বৈধতা দেওয়া যায় না বুধবার লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পর ফ্রান্সের প্রেসিডেন্ট এ প্রস্তাব দেন।

সৌদি আরবের মিত্র হারিরি গত ৪ নভেম্বর রিয়াদে আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন। ওই সময় তিনি দ্রুতই দেশে ফেরার ঘোষণা দেন। কিন্তু সৌদি কর্তাব্যক্তিরা মনে করছেন, দেশে ফিরলে প্রাণশঙ্কায় থাকবেন হারিরি।

আলজাজিরার খবরে বলা হয়, বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর হারিরি ও তাঁর পরিবারকে আমন্ত্রণ জানান ম্যাকরোঁ।

রিয়াদে পদত্যাগের ঘোষণার পর গত রোববার প্রথম জনসমক্ষে বক্তব্য দেন হারিরি। সেদিন তিনি আরবদের পক্ষ থেকে অবরোধ দেওয়া হতে পারে বলে সতর্ক করে দেন। একই সঙ্গে উপসাগরীয় বিভিন্ন দেশে অবস্থানরত লাখ লাখ লেবাননের নাগরিকের জীবন-জীবিকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

হারিরি বলেন, অবরোধ থেকে বাঁচতে সৌদি তাকে কিছু শর্তের কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে ইরান সমর্থিত লেবানিজ শিয়া মিলিশিয়াদের সংগঠন হিজবুল্লাহকে ইয়েমেনের সংঘাতে নাক গলানো বন্ধ করা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত লেবানন ফ্রান্সের উপনিবেশ ছিল। এছাড়া লেবাননে ফ্রান্সের বিনিয়োগ রয়েছে।

জেড