তিন দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরাইল। শুক্রবার সকালে গাজায় বিমান হামলা চালায় ইসরাইল। নতুন করে এ হামলায় এক শিশু নিহত ও এক নারী আহত হয়েছেন। খবর বিবিসি'র।

ইসরাইল অভিযোগ করেছে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজা থেকে ইসরাইলে ১৮টি রকেট হামলা চালানো হয়েছে। এরই জবাবে বিমান হামলা চালানো হচ্ছে। ইসরাইল এই রকেট হামলাকে 'অগ্রহণযোগ্য, অসহনীয় ও অদূরদৃষ্টিতা' বলে অভিহিত করেছে।

এর আগে হামাস জানায়, ইসরাইল তাদের দাবি মেনে স্থায়ী যুদ্ধবিরতি করতে রাজি হয়নি।

উল্লেখ্য, গত ৮ জুলাই 'অপারেশন প্রটেক্টিভ এজ' নামে গাজায় অভিযান শুরু করে দখলদার ইসরাইল। ২৮ দিনের হামলায় ১,৮৭৫ জন ফিলিস্তিনি নিহত হন। জাতিসংঘ জানিয়েছে নিহতদের মধ্যে ১,৩৫৪ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে শিশু রয়েছে ৪১৫ ও ২১৪ জন নারী। আহত হয়েছেন সাড়ে ৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ক্ষতি হয়েছে অন্তত ৪০০ কোটি ডলারের।

অন্যদিকে, গাজার প্রতিরোধে ৬৭ ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক নাগরিক মাত্র ৩ জন। সূত্র: বিবিসি

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ