ধর্মনিরপেক্ষ তুরস্কে প্রথম কোনো হিজাবধারী নারী মন্ত্রী হিসেবে শপথ নিলেন। তুরস্কে ১ নভেম্বরের নির্বাচন সামনে রেখে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তিনি তার সদস্য হলেন।
আইসেন গুরকান নামের ৫২ বছর বয়সী এই শিক্ষাবিদকে পরিবার ও সামাজিক নীতি বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
তিন সন্তানের জননী আইসেন যুব ও শিক্ষা ফাউন্ডেশনের সদস্য। এই সংস্থায় তার সহযোগী হচ্ছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে বিলাল এরদোগান।
তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক দেশটিতে যে কঠোর ধর্মনিরপেক্ষতা চালু করেন তাতে হিজাব পরা কোনো নারীর রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত থাকার সুযোগ ছিল না।
তবে এরদোগান সরকার গত দুই বছরে শিক্ষা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নারী ও মেয়েদের হিজাব পরার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।
দেশটির সেক্যুলাররা অবশ্য এসব পদক্ষেপের সমালোচনা করছে।
সূত্র: এএফপি





