বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দৃঢ় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন এখন ঢাকায়। শনিবার সকালে তিনি ঢাকায় পৌঁছান।
গত বছরের ১৫ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সফর বলে জানিয়েছে সংস্থাটির বাংলাদেশ মিশন।
সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের জনসংযোগ কর্মকর্তা মেহরীন মাহবুব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ডিক্সন বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি, বিশেষ করে- শিক্ষার হার, নারীর ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়ন স্বচক্ষে দেখবার জন্যে প্রথম সফরেই আমি ঢাকায় এসেছি। এ সফরে আমি সরকারের সংশ্লিষ্ট সংস্থা, প্রাইভেট সেক্টর, সুশীল সমাজ ও বিভিন্ন দাতাগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের করণীয় নির্ধারণ করব।’
উল্লেখ্য, স্বাধীনতা উত্তর বাংলাদেশে ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ১৯ বিলিয়ন ডলারের ঋণসহায়তা দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)। বর্তমানে সংস্থাটির সাড়ে ৭ বিলিয়ন ডলার ঋণসহায়তায় দেশের ৩২টি উন্নয়ন প্রকল্পে কাজ চলছে।
এএইচ





