আগামী তিন বছরে ৯ হাজার কর্মী ছাঁটাই ও ২শ’শাখা বন্ধ করতে যাচ্ছে ব্রিটেনের লয়েডস ব্যাংকিং গ্রুপ। ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। খবর প্রেস টিভির।
এক বিবৃতিতে ব্যাংকটি জানিয়েছে, ব্যয় সংকোচনের পাশাপাশি জনবলের দক্ষতা বাড়ানোর বিষয় মাথায় রেখেও এই পরিকল্পনা নেয়া হয়েছে। ব্যাংকের প্রধান নির্বাহী এন্তোনিও হরতা ওসোরিও বলেছেন, ২০১১ সালে নির্ধারণ করা আমাদের কিছু কৌশলগত উদ্দেশ্য ইতোমধ্যে পূরণ হয়েছে। ফলে এখন ব্যাংকের উন্নয়নের পরবর্তী ধাপে যেতে চাই।
বর্তমানে প্রায় দশ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আছে। এরইমধ্যে ২০০৮ সাল থেকে ব্যাংকটি ৪৩ হাজার কর্মী ছাঁটাই করেছে। তবে বর্তমানে ২০০টি শাখা বন্ধ করে নতুন ৫০টি শাখা খোলা হবে বলে জানিয়েছে ব্যাংকটি।
ব্যাংকের প্রধান নির্বাহী আরও বলেন, বর্তমানে গ্রাহকদের আচরণ যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে সাম্প্রতিক এই কর্মী ছাঁটাই দুঃখজনক হলেও প্রয়োজন ছিল। তিনি বলেন, এখন ব্যাপক প্রতিযোগিতার এই বাজারে গ্রাহকরা বিভিন্নভাবে সেবা পেতে চান। কেউ শাখার মাধ্যামে, কেউ ডিজিটাল পদ্ধতিতে আবার কেউ মোবাইলের মাধ্যমে।
উল্লেখ্য, ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর থেকেই ব্যাংকটি ব্যয় সংকোচনের চাপে আছে। ১৭৬৫ সালে প্রতিষ্ঠিত লয়েডস ব্যাংকিং গ্রুপ যুক্তরাজ্যের পুরনো ব্যাংকগুলোর মধ্যে চতুর্থ। ব্যাংকটি হলিফ্যক্স এবং ব্যাংক অব স্কটল্যান্ড ব্রান্ডেরও মালিক।
এআর





