মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র সরকার। দেশে ফিরে গিয়ে রোহিঙ্গা মুসলিমরা যাতে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারে সেই দিকেও খেয়াল রাখছে ট্রাম্প সরকার।
আজ (বুধবার) দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত (ট্রানশিট পয়েন্ট) অন্তর্বর্তীকালীন কেন্দ্রে সংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
এ সময় স্যাম ব্রাউনব্যাকের সফরসঙ্গী বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেন, সীমান্তের নোম্যান্স ল্যান্ড হতে ৫ সদস্যের একটি রোহিঙ্গা পরিবার মিয়ানমারে ফিরিয়ে নেয়ার ঘটনাটি সম্প্রতি সম্পাদিত বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তির আওতায় পড়ে না।
তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতাকে আগেই যুক্তরাষ্ট্র সংখ্যালঘুদের ওপর জাতিগত নিধন হিসেবে ঘোষণা করেছে। সেইসঙ্গে তাদের ওপর চালানো সহিংসতার ন্যায় বিচারও চায় যুক্তরাষ্ট্র।
রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পায় ও নিরাপদে স্বদেশে ফিরতে পারে যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে কাজ করছে বলে জানান এ দূত।
এর আগে সকাল ১১টার দিকে স্যাম ব্রাউনব্যাক তুমব্রু সীমান্তের কোনারপাড়া নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
১৩ এপ্রিল থেকে তুরস্ক সফর শেষ করে স্যাম ব্রাউনব্যাক বুধবার (১৮ এপ্রিল) সকালে কক্সবাজার আসেন। কক্সবাজারের উখিয়া কুতুপালং, মধুর ছড়া রোহিঙ্গা ক্যাম্প, তুমব্রু নোম্যান্স ল্যান্ড পরিদর্শন শেষে করে ২০ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করবেন।
এমবি





