বসনিয়া-হার্সেগোভিনা এবং সার্বিয়ায় বন্যায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। কয়েকদিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার কারণে হাজার হাজার মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে। বিবিসি'র খবরে বলা হয়, বসনিয়ায় ভূমিধসে নিহত হয়েছে ১৬ জন। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের বাইরে একটি উপশহর প্লাবিত হওয়ায় ৮ জন ডুবে মারা যায়। সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেকসান্দার ভুসিস সাংবাদিকদের বলেছেন, রাজধানীর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওবরেনোভেক থেকে প্রথম লাশটি উদ্ধার করা হয়। তিনি আরো কিছু লাশ পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন, পানি নেমে না যাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা জনগণের সামনে প্রকাশ করা হবে না। এছাড়া, রোববার সাভা নদী থেকে আরো পানি আসতে পারে বলে জানান প্রধানমন্ত্রী। বিবিসি'র খবরে বলা হয়, কিছু কিছু এলাকায় বাড়ির তৃতীয় তলায় পানি পৌছে গেছে। [b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]